অদ্য ১৮ জুন ২০১৭ তারিখ আনুমানিক ১০৪০ ঘটিকা হতে ১২৩০ ঘটিকা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৭৬ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগনর সীমান্তে দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিপক্ষ ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের সাথে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ রাশিদুল আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার। এছাড়াও উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক জিল্লুর রহমান, পিএসসি ও ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ শাহজাহান আলী এবং বিএসএফ এর পক্ষে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী ভিপিএস ইয়াদব, শ্রী সরওয়ান দাস ও শ্রী জাসবীর সিংহ। উক্ত বৈঠকে বিএসএফ কর্তৃক ধৃত বাংলাদেশী নাগরিকের উপর নির্যাতন করার ব্যাপারে আলোচনা হয়। এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিএসএফ কমান্ড্যান্ট বিজিবিকে আশ্বাস প্রদান করেন। এছাড়াও উক্ত বৈঠকে বিজিবি ও বিএসএফ এর সমন্বয়ে সমন্বিত টহল করা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, ইয়াবা পাচার প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, তাঁর কাটার বেড়া না কাটা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।