Pages

Sunday, May 15, 2016

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ১৫ মে ২০১৬



অদ্য ১৫ মে ২০১৬ তারিখ আনুমানিক ০৭৫০ ঘটিকা হতে ০৯২০ ঘটিকা পর্যন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬৬ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার জীবননগর থানার অন্তর্গত নতুনপাড়া আমবাগান নামক স্থানে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে প্রতিপক্ষ কৃষ্ণনগর সেক্টর এর সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক মোঃ মাহাবুবুর রহমান, পিএসসি এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি কিলাস লাল সাহ। এছাড়াও উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নোডাল অফিসার ডিআইজি জিআরপিএস জোসয়াল ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার। বর্ণিত পতাকা বৈঠকে গত ১৪ মে ২০১৬ তারিখে নতুনপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশী নাগরিক মোঃ শিহাব উদ্দিন সজল (১৬), পিতা-মোঃ মাহবুব হালসানা এর হত্যার ব্যাপারে বিভিন্ন তথ্য উপাত্ত এবং স্বাক্ষীদের উপস্থাপনের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার পাশাপাশি বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং অতিদ্রুত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহন করতঃ বিজিবিকে অবহিত করার জন্য প্রতিপক্ষ বিএসএফ এর নিকট জোড়ালো আহ্বান জানানো হয়। প্রতিউত্তরে প্রতিপক্ষ বিএসএফ উচ্চ পর্যায়ে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজিবিকে আশ্বস্থ করেন। এছাড়াও বর্ণিত বৈঠকে বিজিবি এবং বিএসএফ এর সমন্বয়ে সমন্বিত টহল করা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, তাঁর কাটার বেড়া না কাটা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারেও আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।