অদ্য ২৪ মে ২০১৬ তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকা হতে ১৭০০ ঘটিকা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৭৬ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিপক্ষ ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের সাথে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার। এছাড়াও উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক শেখ সাইফুল আহম্মেদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী সতিষ চন্দ্র ও শ্রী জাসবীর সিং। বর্ণিত পতাকা বৈঠকে গত ১৪ মে ২০১৬ তারিখে চুয়াডাংগা জেলার জীবননগর থানার অন্তর্গত নতুনপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশী নাগরিক মোঃ শিহাব উদ্দিন সজল (১৬) এর হত্যার ব্যাপারে বিএসএফ এর উচ্চ পর্যায়ে গঠিত তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে শাস্তির অগ্রগতি সম্পর্কে বিজিবি’র পক্ষ থেকে জানতে চাওয়া হলে প্রতিউত্তরে বিএসএফ কমান্ড্যান্ট তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে বিজিবিকে অবহিত করেন এবং পরবর্তীতে উহার বিস্তারিত বিজিবিকে অবহিত করবে বলে আশ্বাস প্রদান করেন। এছাড়াও গত ১৯ মে ২০১৬ তারিখে চুয়াডাংগা জেলার জীবননগর থানার কাশিপুর গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী মোছাঃ তানিয়া খাতুন (পাসপোর্ট নং এএফ৭৭৫৭৭২৬) চিকিৎসা শেষে ভারতের কলকাতা হতে ট্রেনযোগে গেদে চেক পোষ্টে আসার পথে মাজদিয়া রেলওয়ে ষ্টেশনে কাষ্টম অফিসার প্রণব রায়সহ কয়েক জন ভারতীয় নাগরিক কর্তৃক শ্লীলতাহানী করার ব্যাপারে অভিযোগটি বিএসএফ এর কমান্ড্যান্টকে অবহিত করা হয়। প্রতিউত্তরে বিএসএফ কমান্ড্যান্ট উক্ত ঘটনাটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করতঃ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে বিজিবিকে অবহিত করেন। ইহা ছাড়াও উক্ত বৈঠকে বিজিবি এবং বিএসএফ এর সমন্বয়ে সমন্বিত টহল করা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, তাঁর কাটার বেড়া না কাটা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারেও আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।