অদ্য ২৮ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক ১০ টা ৩০ মিনিট হতে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মেইন পিলার ৬১/৭-এস এর নিকট চুয়াডাংগা জেলার জীবননগর থানার বেনীপুর ডিসপোট মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় । উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান, বিজিবিএম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ইউএসপি চৌহান। এছাড়াও বিজিবি‘র পক্ষে আরো উপস্থিত ছিলেন কুসুমপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রুস্তুম আলী এবং বিএসএফ এর পক্ষে উপস্থিত ছিলেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের ফতেপুর কোম্পানী কমান্ডার সার্ভেস সিং। বর্ণিত পতাকা বৈঠকে বাংলাদেশ জরিপ অধিদপ্তর কর্তৃক ডিজিটাল মানচিত্র প্রণয়নে ২০১৪-২০১৫ মাঠ মৌসুমে ‘‘ ইমপ্রুভমেন্ট অব ডিজিটাল ম্যাপিং সিস্টেম (IDMS)’’ প্রকল্পের আওতায় টপোগ্রাফিক্যাল ম্যাপ জরিপ কাজে জরিপ অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণদের বিজিবি-বিএসএফ কর্তৃক প্রয়োজনীয় নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতা প্রদান করার ব্যাপারে আলোচনা হয়। তাছাড়াও ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারেও বৈঠকে আলোচনা হয় । পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।



